নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী ফজলে হুদা বাবুলের সহযোগিতায় শনিবার দুপুর ১২টায় বদলগাছির ল্যাবণ প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুল মাঠে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল স্কুল–কলেজের শিক্ষকরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি প্রার্থী ফজলে হুদা বাবুল। সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক হারুন অর রশিদ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বক্তব্যে শিক্ষার অবকাঠামো উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো তুলে ধরেন।
বিএনপি নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্যে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে ফজলে হুদা বাবুল, নির্বাচিত হলে শিক্ষাখাতের সংস্কারকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকল ধর্মের মানুষকে দোয়া করার আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/বাবি