| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোমবার অস্ট্রিয়ার মুখোমুখি

আমিরুলের হ্যাটট্রিকে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ২২:৩৪:৫১:অপরাহ্ন  |  ৯৪৬৬৫৩ বার পঠিত
আমিরুলের হ্যাটট্রিকে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: যুব বিশ্বকাপ হকিতে একের পর এক ঝলক দেখাচ্ছে বাংলাদেশ। ভারতের মাদুরাইয়ে ১৭ থেকে ২৪তম স্থান নির্ধারণী পর্বে আজ বাংলাদেশ ০–২ গোলে পিছিয়ে পড়েও ৫-৩ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়ার মতো দলকে। এই জয়ে ২৪ দলের টুর্নামেন্টের ১৭ বা ১৮তম হওয়া নিশ্চিত হলো বাংলাদেশের।

আজও বাংলাদেশের যুবাদের জয়ের নায়ক আমিরুল ইসলাম। আজও হ্যাটট্রিক করেছেন পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আমিরুল, যিনি পাঁচ ম্যাচে ১৫ গোল করে এখন পর্যন্ত টুর্নামেন্টে গোলদাতার তালিকায় শীর্ষে। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হ্যাটট্রিক করেছেন আমিরুল। আরও বড় কথা, টানা দুই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি।

দক্ষিণ কোরিয়া আজ ম্যাচের প্রথম ১০ মিনিটে লির গোলে এগিয়ে যায়। ২০ মিনিটে লি পেনাল্টি স্ট্রোক থেকে ২-০ করেন। এরপরই ২১ ও ২৪ মিনিটে দুই পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান আমিরুল। ৩৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশকে ৩-২ গোলে এগিয়ে নেন আমিরুল। এটি তাঁর হ্যাটট্রিক গোলও। শেষ কোয়ার্টারে  ৫২ মিনিটে ওবায়দুল জয় করেন ৪-২। তবে পরের মিনিটেই হ্যাটট্রিক আসে দক্ষিণ কোরিয়ার লির স্টিকেও ৪-৩। ৬০ মিনিটে রাকিবুল হাসান রকির একটি ফিল্ড গোল কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে বাংলাদেশকে এনে দিয়েছে ৫-৩ ব্যবধানে স্মরণীয় জয়।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ৩-৫ গোলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র। গ্রুপের শেষ ম্যাচে গত আসরের রানার্সআপ ফ্রান্সের বিপক্ষে ২-৩ গোলের হার। এরপর ১৭-২৪তম স্থান নির্ধারণী ম্যাচে ওমানকে ১৩-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। এবার শক্তিশালী কোরিয়ার বিপক্ষে জয়। সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলে বাংলাদেশের যুবারা ১৭তম হয়ে বিশ্বকাপ শেষ করবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪