রিপোর্টার্স২৪ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে একটি বাস চাপায় মোটরসাইকেল চালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাত ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ নিবন্ধিত ল-১১-৯২৫৭ নম্বরের মোটরসাইকেলটি ভাঙ্গা থেকে ফরিদপুরমুখী লেনে চলছিল। এ সময় একটি দ্রুতগামী অজ্ঞাত বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলেই সুমন (২৫) ও ইমন (২২) নামে দুজন আরোহী নিহত হন। তারা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। গুরুতর আহত অপর আরোহী মো. আশিক মোল্লাকে (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেছে এবং নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মোটরসাইকেলটি থানায় জব্দ রাখা হয়েছে। অজ্ঞাত বাসটি শনাক্তে পুলিশ কাজ করছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রিপোর্টার্স২৪/ঝুম