| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে মধ্যরাতে যুবক খুন, আটক ২

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ০৭:১৭:২১:পূর্বাহ্ন  |  ১১৮৮৪২৪ বার পঠিত
যশোরে মধ্যরাতে যুবক খুন, আটক ২

যশোর প্রতিনিধি : যশোরে মধ্যরাতে তানভীর নামের এক যুবক খুনের ঘটনায় দুজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরি। মধ্যরাতে আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক বেচাকেনা নিয়ে দ্বন্দ্বের জেরেই খুন হয়েছে তানভীর।

এর আগে শনিবার (৬ ডিসেম্বর) রাত সোয়া বারোটার দিকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশ থেকে তানভীরকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তানভীর শংকরপুর হাজারিগেট এলাকার মিন্টুর ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল বলেন, ঘটনার পর রাতেই কোতোয়ালি থানা পুলিশ ও ডিবি পুলিশের টিম অভিযানে নামে। তারা রক্তের চিহ্ন অনুসরণ করে ওই এলাকায় সোনা মিয়ার ভাড়াটিয়া বাড়ি থেকে সোনা মিয়াকে আটক করে। পরে ওই বাড়ির ছাদ থেকে একটি বার্মিজ ছুরি উদ্ধার করে পুলিশ। এরপর আটক করা হয় একই এলাকার সাক্ষরকে।

থানা সূত্রে আরও জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শংকরপুর বেলের মাঠ এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাঁচটি বোমা ও একটি ছুরিসহ নাঈম ও সাজু নামে দুই যুবককে আটক করে। এসময় তানভীর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আটক দুই যুবকের ভাষ্যমতে, উদ্ধার হওয়া বোমাগুলো তানভীরের ছিল। পালিয়ে তিনি বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে অবস্থান নিলে সেখানেই তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টা ১৫ মিনিটের দিকে আনসার ক্যাম্পের পেছনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তানভীর। স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে তার পকেট তল্লাশি করে ৬১ পিস ইয়াবা উদ্ধার করে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪