কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তাওহীদ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে একই গ্রামের জিহাদ ও হাসান।
রবিবার (৭ ডিসেম্বর) সকালে কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহীদ উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর গ্রামের হারুনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শীত মৌসুমে ধানগড়া এলাকার খেজুরের রস খেতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ খুব ভোরে সেখানে যায়। রবিবার ভোরেও রামপুর এলাকা থেকে নয়জন কিশোর-যুবক তিনটি মোটরসাইকেলে ধানগড়া যায়। ফেরার পথে পাকুটিয়া বেলি ব্রিজের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লোহার রেলিঙে সজোরে ধাক্কা দেয়। এতে তাওহীদ ঘটনাস্থলেই মারা যায় এবং দুইজন গুরুতর আহত হয়।
কালিহাতী থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়িকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি রেলিঙে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক কিশোর নিহত হয় এবং দুইজন গুরুতর আহত হয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তাওহীদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারকে হস্তান্তর করা হবে।
রিপোর্টার্স২৪/এসএন