| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটিতে বিদেশি সিগারেটসহ চারজন আটক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ০৮:৫২:৩২:পূর্বাহ্ন  |  ১১৬৪০৯০ বার পঠিত
রাঙ্গামাটিতে বিদেশি সিগারেটসহ চারজন আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় বিশেষ তল্লাশি অভিযানে সাড়ে ২১ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ চার চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় তাদের সঙ্গে থাকা নগদ দেড় লাখ টাকা এবং বহনকারী একটি পিকআপ জব্দ করা হয়। শনিবার (৬ ডিসেম্বর) উপজেলার মিতিঙ্গাছড়ি টিওবি ক্যাম্পের প্রধান চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মিজানুর রহমানের নেতৃত্বে তল্লাশি চালানোর সময় একটি পিকআপে করে পাচারের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ এসব বিদেশি সিগারেট ধরা পড়ে। জব্দ করা সিগারেটের মধ্যে রয়েছে অরিসের ৮ কার্টন, পেট্রোনের ১০ কার্টন এবং বেন্সনের ৫ কার্টনসহ মোট প্রায় ১০ হাজার প্যাকেট। এসব সিগারেটের বাজারমূল্য আনুমানিক ২১ লাখ ৫০ হাজার টাকা।

অভিযানের সময় পিকআপে থাকা দেড় লাখ টাকাসহ চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন বাঙ্গালহালিয়া বাজারের শিমুল দাস (৪৫), পাথরবন পাড়ার মো. সাজ্জাদ ইসলাম (২২), শফিপুর এলাকার মো. মহিবুল হাসান (২৩) ও রাজস্থলী বাজারের রনি তঞ্চঙ্গ্যা (২০)।

অভিযান শেষে রাজস্থলী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মর্তুজা সাইফ রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আটক চারজনকে জব্দ করা পিকআপ ও সিগারেটসহ রাজস্থলী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

রাজস্থলী থানার এসআই মো. হাফিজ বলেন, ‘সেনাবাহিনী চারজন আসামি এবং সিগারেটের চালান আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪