রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র এবং দুইটি স্কুল ও একটি আবাসিক হোস্টেলের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার সকালে রাঙ্গামাটি রিজিয়ন ও সদর জোনের উদ্যোগে ‘সম্প্রীতি ও উন্নয়ন’ কর্মসূচির অংশ হিসেবে চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার দুই শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সব সম্প্রদায়ের মানুষের সামাজিক উন্নয়নে সেনাবাহিনী নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তবে কিছু আঞ্চলিক স্বশস্ত্র সংগঠন পাহাড়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করছে, যা সাধারণ মানুষের অগ্রগতিকে পিছিয়ে দিচ্ছে। এ পরিস্থিতিতে সহযোগিতা ও ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, ইউনিয়ন পরিষদের সদস্য মন্টু চাকমা, অমর বিন্দু চাকমা, পূর্ণধন চাকমা, শিবমনি চাকমা, চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী মোহন চাকমা এবং হারাঙী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ রতন চাকমা।
রিপোর্টার্স২৪/মিতু