স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দেশব্যাপী গণভোট আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা রোববার (৭ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যোগ দিতে যমুনায় (প্রধান উপদেষ্টার কার্যালয়/বাসভবন) যান।
বিকেল সোয়া ৪টার দিকে নির্বাচন ভবন থেকে সিইসি কমিশনারদের নিয়ে যমুনার উদ্দেশে রওনা হন। বৈঠক নিয়ে নির্বাচন কমিশন বা প্রধান উপদেষ্টার কার্যালয় আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানায়নি।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈঠকে জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ, তফসিল ঘোষণার সময়সূচি এবং গণভোট আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি নির্বাচন ও গণভোটকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপও আলোচনায় আসবে।
দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন প্রস্তুতির প্রেক্ষাপটে সিইসি-প্রধান উপদেষ্টা বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এ বৈঠকের পর ১০ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর যেকোনো সময় নির্বাচন তারিখ ঘোষণা করা হতে পারে বলে ইসির সাথে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি