রিপোর্টার্স২৪ ডেস্ক: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকায় মামলা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আইনজীবী রিদওয়ান হোসেন রবিন বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, দেশের প্রায় ৯১ শতাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী এবং তাদের কাছে ধর্ম ও ধর্মীয় রীতিনীতি অত্যন্ত সংবেদনশীল বিষয়। মুসলিমরা বিশ্বাস করেন আল্লাহর কোনো আকার নেই এবং তাঁর সন্তুষ্টির জন্য রোজা রাখেন। অপরদিকে, সনাতন ধর্মাবলম্বীরা দেব-দেবীর প্রতিমা স্থাপন করে পূজা করেন। তাই রোজাকে পূজার সঙ্গে তুলনা করা বিভ্রান্তিকর এবং তা ধর্মীয় উত্তেজনার সৃষ্টি করতে পারে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, শিশির মনির ইউটিউব চ্যানেল ‘ডিএসএন’-এ প্রচারিত এক আলোচনায় ‘রোজা ও পূজা একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ মন্তব্য করেন। বাদীর দাবি, এই উক্তি ইচ্ছাকৃতভাবে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টির ঝুঁকি বাড়ায়।
শিশির মনিরের বিরুদ্ধে এই মন্তব্যের মাধ্যমে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা এবং ধর্মীয় সংবেদনশীলতা উসকে দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি