বেনাপোল প্রতিনিধি: যশোরের কোতোয়ালী থানার দাইতলা এলাকা থেকে স্বর্ণবার ও স্বর্ণালংকারসহ বিকাশ কুমার ঘোষ (৩৪) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক বিকাশ কুমার কুষ্টিয়া জেলার মিরপুর থানার উত্তর কাটদহ গ্রামের বিফল চন্দ্র ঘোষের ছেলে।
বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে যশোর ৪৯ বিজিবির একটি টহল দল কোতয়ালি থানার দাইতলা ব্রীজের উপর অভিযান চালিয়ে বিকাশ কুমারকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় ৫১৫.৯ গ্রাম ওজনের তিনটি ম্বর্ণেরবার ও চারটি স্বর্ণালংকার উদ্ধার হয়।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায়, ঢাকার তাঁতিবাজার এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোরে যাচ্ছিলো। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৯৩ লাখ ৫৯ হাজার ৮০৭ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকে বিজিবি’র আভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা।
এর আগে ৪ ডিসেম্বর যশোরের কোতোয়ালী থানার মুরাদগড় বাস স্ট্যান্ড এলাকা থেকে ১০টি স্বর্ণের বার (এক কেজি ১৬৪ গ্রাম) সহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করে বিজিবি সদস্যরা। আটক ফরিদুল ইসলাম (২৮) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ও মাহাফুজ আলম (৩১) ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে।
রিপোর্টার্স২৪/মিতু