রিপোর্টার্স২৪ ডেস্ক: ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারে সম্মতি জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর পরিপ্রেক্ষিতে চলমান অবরোধ ৯ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছে দেশের মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
রোববার রাত পৌনে ৯টার দিকে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর আশ্বাসের ভিত্তিতে অবরোধ স্থগিতের ঘোষণা দেয় এমবিসিবি।
বিটিআরসি সূত্র জানিয়েছে, এনইআইআর–সম্পর্কিত সব জটিলতা নিরসনে কমিশনের কার্যালয়ে একটি যৌথ বৈঠক হবে। সেখানে উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান, বাণিজ্য সচিব, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং এমবিসিবির প্রতিনিধিরা। ব্যবসায়ীরা আশা করছেন, আলোচনার মাধ্যমে সংকটের কার্যকর সমাধান বেরিয়ে আসবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরবে।
এমবিসিবি সভাপতি মোহাম্মদ আসলাম বলেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এক মাস ৭ দিন ধরে আন্দোলন করছি। আজ বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর তার আশ্বাসে অবরোধ স্থগিত করেছি। অর্থ উপদেষ্টা দেশে না থাকায় আপাতত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও জানান, তারা এনইআইআরের বিপক্ষে নন; তবে বাজার উন্মুক্তকরণ ও এলসি সহজীকরণ জরুরি। তা না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। প্রয়োজন হলে অনলাইন–অফলাইন সব মাধ্যমে মোবাইল বিক্রি বন্ধ করা হবে।
সংগঠনের সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস বলেন, বিটিআরসি জানিয়েছে দেশের যেকোনো স্থান থেকে আমদানিকরা সব মোবাইলই বিনা বাধায় লিস্টেড করা হবে। আমদানি প্রক্রিয়া সহজীকরণেও তারা সম্মত হয়েছে। শুল্ক কমানোর বিষয়ে এনবিআর চেয়ারম্যান ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের সঙ্গে আলোচনাও হয়েছে। অর্থ সচিবের সঙ্গেও কথা বলা হবে।
তিনি বলেন, ট্যাক্স নিয়ে সমঝোতা না হলে এনইআইআর বাস্তবায়ন পেছাতে হবে এ দাবি আমরা স্পষ্টভাবে জানিয়েছি। ৯ ডিসেম্বর বিটিআরসি ও এমবিসিবির মধ্যে চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এনইআইআর সংস্কারসহ কয়েকটি দাবিতে রোববার সকাল ১০টা থেকে আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শত শত মোবাইল ব্যবসায়ী। তাদের অবস্থানে সড়কের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। ব্যবসায়ীরা রাত ৯টা পর্যন্ত বিটিআরসি ঘেরাও করে চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তাদের ভবনের ভেতরে অবরুদ্ধ করে রাখেন।
সরকার আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে অনিবন্ধিত, চুরি হওয়া বা অনুমোদনহীন আমদানি করা মোবাইল ফোন দেশের নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না। বাস্তবায়নের আগেই ব্যবসায়ীরা এ ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছেন।
রিপোর্টার্স২৪/এসসি