| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিভিন্ন ব্যাংকে শতকোটি টাকার এফডিআর, স্ত্রী-স্বজনের নামে একাধিক ফ্ল্যাট-জমি

বিটিআরসির উপপরিচালক বরখাস্ত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ১৮:৫৩:৪২:অপরাহ্ন  |  ১১৪৪২০০ বার পঠিত
বিটিআরসির উপপরিচালক বরখাস্ত

স্টাফ রিপোর্টার: দুর্নীতি, অসদাচরণ ও সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ প্রমাণ হওয়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপপরিচালক মো. আমজাদ হোসেনকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী গত ১১ নভেম্বর কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

বিটিআরসির প্রশাসন বিভাগে কর্মরত এবং সাবেক চেয়ারম্যানের একান্ত সচিবের অতিরিক্ত দায়িত্ব পালনকালে আমজাদ নানা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে জড়িয়ে পড়েন। অসাধু সিন্ডিকেট তৈরি, কর্মকর্তাদের হয়রানি ও নিয়োগে অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে ছিল। গত বছরের ১১ আগস্ট তাকে সাময়িক বরখাস্তের পর বিভাগীয় তদন্তে অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

তদন্তে তার নামে–বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ, বিভিন্ন ব্যাংকে শতকোটি টাকার এফডিআর, স্ত্রী-স্বজনের নামে একাধিক ফ্ল্যাট ও জমির তথ্য উঠে আসে। এছাড়া বিল–ভাউচার ছাড়া অর্থ আত্মসাৎ, ঘুষ গ্রহণ, ভিএএস অনুমোদনে জালিয়াতি, টেন্ডার নিয়ন্ত্রণ এবং রেডিয়েশন পরিমাপক যন্ত্রের ১৫ কোটি টাকার দরপত্রে বিধি লঙ্ঘনের অভিযোগও নিশ্চিত হয়।

২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের সময় দলীয় বিবেচনায় শতাধিক আইএসপি লাইসেন্স দেওয়া ও প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের ব্যবহার করে আন্দোলন দমনের চেষ্টার অভিযোগও তার বিরুদ্ধে পাওয়া যায়। দীর্ঘ তদন্ত শেষে কমিশন তাকে সর্বোচ্চ শাস্তি হিসেবে স্থায়ীভাবে চাকরিচ্যুত করে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪