বরিশাল প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার সকাল ১১টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মাণে ব্যয় হবে ১ হাজার ৭২ কোটি টাকা। আড়িয়াল খাঁ নদে এটি হবে তৃতীয় সেতু। মূল সেতুর দৈর্ঘ্য ৫৪৪ মিটার, ভায়াডাক্ট ৯৪০ মিটার এবং দুই পাশে প্রায় সাড়ে ৪ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে। নদীতীর রক্ষায় ব্যয় ধরা হয়েছে আরও ৯৬ কোটি টাকা।
সেতুটি নির্মাণ হলে বাবুগঞ্জ, মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জসহ বরিশাল অঞ্চলের যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। স্থানীয়দের আশা, দীর্ঘদিনের নদী পারাপারের ভোগান্তি কমবে এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
সেতু উদ্বোধন উপলক্ষে দুই পারের মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
রিপোর্টার্স২৪/বাবি