খুলনা প্রতিনিধি: খুলনার সোনাডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত চাঁদাবাজ পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ (৩৪) র্যাব-৬-এর হাতে গ্রেফতার হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে যশোর শহরের নাজিরশংকরপুর জিরো পয়েন্ট এলাকায় র্যাবের যশোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতার পলাশ গোবরচাকা এলাকার সুলতান তালুকদারের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চিংড়ি পলাশ তার সহযোগীদের সঙ্গে জিরো পয়েন্টে অবস্থান করছে। এরপর বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
র্যাব জানায়, চিংড়ি পলাশ দীর্ঘদিন খুলনাসহ আশপাশের জেলায় চিংড়ি ঘের মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতো। তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে, যার মধ্যে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা রয়েছে ৮টি। এছাড়া মাদক, চাঁদাবাজি, মারামারি ও বিস্ফোরক আইনে আরও চারটি মামলা আছে।
২০২৪ সালের ২৯ ডিসেম্বর নৌ পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে স্ত্রীসহ মাদক মামলায় গ্রেফতার হন পলাশ। চার মাস আগে জামিনে বেরিয়ে আবারও চাঁদাবাজি শুরু করে, এমন অভিযোগের ভিত্তিতেই সর্বশেষ তাকে আটক করেছে র্যাব।
রিপোর্টার্স২৪/বাবি