| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ০৪:৩৬:৪৫:পূর্বাহ্ন  |  ১১৫৮০৯৮ বার পঠিত
শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে

রিপোর্টার্স২৪ ডেস্ক: চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় (সোমবার, ৮ ডিসেম্বর) শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কেরানীগঞ্জ, কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। প্রিজনভ্যান থেকে নামিয়ে পুলিশ সদস্যরা একে একে হাজতখানায় পৌঁছে দেন।

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল আজ মামলার অগ্রগতি নিয়ে শুনানি করবেন।

আজ হাজির আসামিদের মধ্যে ছিলেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলায়মান সেলিম, সাবেক এমপি ফারুক খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক বেসরকারি শিল্প-বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

এর মধ্যে সালমান, আনিসুল, ইনু ও পলকের বিরুদ্ধে পৃথক ফরমাল চার্জ দায়ের করা হয়েছে। ইনুর মামলায় ইতিমধ্যেই সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এছাড়া, জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট সেবা বন্ধ করার ঘটনায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করা হয়েছে। আনিসুল ও সালমানের ফরমাল চার্জে ছাত্র-জনতাকে হত্যার অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে, চলতি বছরের ২০ এপ্রিল মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া, গত ২০ জুলাই পৃথক মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

আজ ট্রাইব্যুনালের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রবেশপথে তল্লাশি চালান এবং জনসমাগম নিয়ন্ত্রণে রাখেন। ট্রাইব্যুনালে আজ হাজির হওয়া একসময়ের হেভিওয়েট মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের বিরুদ্ধে প্রসিকিউশন পৃথক পৃথক চার্জের মাধ্যমে তদন্ত কার্যক্রম চালিয়ে যাবে বলে জানিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪