সিনিয়র রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডের একটি বাসায় মা–মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতরা হলেন মালাইলা আফরোজ (৪৮) ও তাঁর স্কুলপড়ুয়া মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসার গৃহকর্মী এ ঘটনায় জড়িত এবং হত্যার পর পালিয়ে গেছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, শাহজাহান রোডের সাততলা ওই বাসায় মা–মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে গৃহকর্মী পলাতক। তাঁর নাম–পরিচয় নিশ্চিত করা না গেলেও সন্দেহের তালিকায় রাখা হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
এসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আজ সকালে গৃহকর্তা আজিজুল ইসলাম বাসা থেকে বের হন। দুপুর ১২টার দিকে ফিরে তিনি স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মেয়ে নাফিসাকে তখনও জীবিত পাওয়া যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে থানা পুলিশসহ তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছেন।
পুলিশের একটি সূত্র জানায়, গৃহকর্মীর নাম আয়েশা বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, সে ধারালো অস্ত্র দিয়ে মা–মেয়েকে হত্যার পর পালিয়েছে। ঘটনার সময় ও গতিবিধি নিশ্চিত করতে ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসসি