রিপোর্টার্স২৪ ডেস্ক: সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে রমনা মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. আখতার মোর্শেদ তার ১০ দিনের রিমান্ড আবেদন আদালতে উপস্থাপন করেন। আদালত রিমান্ড শুনানির জন্য আগামী ১১ ডিসেম্বর দিন ধার্য করে শওকত মাহমুদকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত রোববার বিকেল সাড়ে ৩টার দিকে রমনা মডেল থানার এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। সোমবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী গত ৬ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে বাংলাদেশে এসে ‘অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের’ পরিকল্পনায় জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে। এর আগে ১৩ সেপ্টেম্বর মিন্টো রোড এলাকায় প্রাডো গাড়িতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাকে পুলিশ থামিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং দুটি আইফোন জব্দ করে। পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয় ও দুই দফায় সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়।
এই মামলারই ধারাবাহিকতায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করা হয়।
রিপোর্টার্স২৪/এসসি