রিপোর্টার্স২৪ ডেস্ক: ‘আমরা ইতিমধ্যেই ঋণের ফাঁদে পড়ে গেছি। এ সত্য স্বীকার না করলে সামনে এগোনো সম্ভব নয়’ এ মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
সোমবার(৮ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলানগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, কয়েক বছর আগেও দেশের কর-জিডিপি অনুপাত ১০ শতাংশের বেশি ছিল। এখন তা ৭ শতাংশের ঘরে নেমে এসেছে। কোন খাত থেকে রাজস্ব আদায় সম্ভব হচ্ছে না, তা নির্দিষ্টভাবে শনাক্ত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার মতে, জিডিপির সব খাত থেকে রাজস্ব সংগ্রহে ব্যর্থতাই কর-জিডিপি অনুপাত কমার প্রধান কারণ।
এনবিআর চেয়ারম্যান আরও জানান, অন্তর্বর্তী সরকারের আমলেই সংস্থাটি দুই ভাগে বিভক্ত হয়ে দুজন সচিবের নেতৃত্বে পুনর্গঠিতভাবে কাজ শুরু করবে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার অর্থবিষয়ক বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম, এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার।
আলোচক হিসেবে অংশ নেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুব উল্লাহ।
স্বাগত বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য মঞ্জুর হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিইডির অতিরিক্ত সচিব মনিরা বেগম।
সেমিনারে সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ঋণের ফাঁদে পড়া বাংলাদেশের জন্য গুরুতর ঝুঁকি ডেকে আনতে পারে। তখন ঋণ পরিশোধে নতুন করে আরও ঋণ নিতে হতে পারে। তিনি জানান, একসময় রাজস্ব বাজেটে সবচেয়ে বড় ব্যয় ছিল সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন। এরপর কৃষি ও শিক্ষা খাতের অবস্থান ছিল। কিন্তু এখন এসব খাতকে পেছনে ফেলেছে ঋণের সুদ পরিশোধের ব্যয়।
রিপোর্টার্স২৪/এসসি