স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্র থেকে আরও ৩১ বাংলাদেশিকে বিশেষ সামরিক ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে পৌঁছানোর পর ব্র্যাক তাদের জরুরি সহায়তা দেয়।
ফেরত আসা ব্যক্তিরা জানান, প্রায় ৬০ ঘণ্টা হাতকড়া ও পায়ে শেকল বেঁধে তাদের দেশে পাঠানো হয়। এদের মধ্যে অধিকাংশ নোয়াখালীর, এছাড়া সিলেট, ফেনী, শরিয়তপুর ও কুমিল্লার কর্মীও আছেন। চলতি বছর এ নিয়ে মোট ২২৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র।
ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, ফেরত আসা ৩১ জনের মধ্যে অন্তত সাতজন বিএমইটির ছাড়পত্রে ব্রাজিল গিয়েছিলেন। সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকে আশ্রয়ের আবেদন করেছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের ফেরত পাঠানো হয়। তিনি বলেন, নথিপত্রহীনদের ফেরত পাঠানো স্বাভাবিক হলেও দীর্ঘসময় শেকল পরিয়ে রাখা অমানবিক।
তিনি আরও জানান, ব্রাজিলগামী অনেক কর্মীই পরে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করছেন, এতে কোটি টাকার মতো ব্যয় করেও শেষে শূন্য হাতে ফিরছেন। এ প্রক্রিয়ায় জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন দমন জোরদার করায় সাম্প্রতিক মাসগুলোতে চার্টার্ড ও সামরিক ফ্লাইটে একাধিক দফায় বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে।
রিপোর্টার্স২৪/বাবি