| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি

নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়া দিবস আজ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ২২:৪০:৩৭:অপরাহ্ন  |  ১১৬৯৬৩৯ বার পঠিত
নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়া দিবস আজ

রিপোর্টার্স২৪ডেস্ক: নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্মদিন ও ৯২তম মৃত্যুবার্ষিকী আজ (৯ ডিসেম্বর)। ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্য নিয়ে আজ দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে রোকেয়া দিবস। নারীশিক্ষা ও নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান স্মরণে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চার বিশিষ্ট নারীকে রোকেয়া পদক প্রদান করা হবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এ বছর পদক পাচ্ছেন—নারীশিক্ষা (গবেষণা) শ্রেণিতে রুভানা রাকিব, নারী অধিকার (শ্রম অধিকার) শ্রেণিতে কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ (ক্রীড়া) শ্রেণিতে ঋতুপর্ণা চাকমা। জাতীয় পুরস্কার-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি তাদের নাম চূড়ান্ত করেছে।

পদক প্রদান ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সভাপতিত্ব করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা রোকেয়ার নারীমুক্তি ও শিক্ষাবিস্তারের সংগ্রামকে স্মরণ করে জানান, রক্ষণশীল সমাজে নারীর ভাগ্যোন্নয়নে তাঁর শিক্ষা-উপলব্ধি ছিল যুগান্তকারী। তিনি পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

এদিকে রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে রোকেয়ার জন্মভিটায় সকালে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও নারীদের দক্ষতা উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনসহ দিনব্যাপী বিভিন্ন আয়োজন করা হবে। রোকেয়া বিশ্ববিদ্যালয়েও র‌্যালি, আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ রয়েছে প্রকাশনা উন্মোচন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব।

১৮৮০ সালের এই দিনে রংপুরের পায়রাবন্দে জন্ম নেওয়া বেগম রোকেয়া প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না থাকলেও পারিবারিক সহায়তায় বাংলা, উর্দু, আরবি ও ফারসি ভাষায় দক্ষ হয়ে ওঠেন। পরবর্তী সময়ে স্বামীর উৎসাহে নারীশিক্ষার বিস্তারে আজীবন কাজ করেছেন তিনি। আমৃত্যু লড়াই করেছেন নারী-পুরুষ সমান মর্যাদা ও অধিকারের জন্য। তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে মতিচূর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগঅবরোধবাসিনী। ২০০৪ সালে বিবিসি বাংলার জরিপে সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় তিনি ষষ্ঠ স্থানে স্থান পান।

রোকেয়া দিবস উপলক্ষে আজ সারা দেশে সরকারি–বেসরকারি নানা কর্মসূচি, বিশেষ প্রকাশনা, পোস্টার ও বুকলেট প্রকাশ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪