রিপোর্টার্স২৪ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন মনে করেন, আসন্ন নির্বাচনে ভোটাররা যদি দুর্নীতিবাজ ও চাঁদাবাজ প্রার্থীদের বর্জন করেন, তাহলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
দিবসের কর্মসূচি শুরু হয় জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর সকাল ৯টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিবাজদের উৎসব যেন প্রতিদিন। কিন্তু দুর্নীতি বিরোধীদের একদিনের উদ্যোগ দিয়েই তাদের লাগাম টানা সম্ভব নয়। তাই তরুণদের এগিয়ে আসার প্রয়োজন আছে। তিনি আরও বলেন, সমাজের বিভিন্ন স্তরে দুর্নীতি এত বিস্তৃত যে তা পুরোপুরি নির্মূল করা কঠিন।
জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশনে (আনকাক) সই করা দেশ হিসেবে বাংলাদেশসহ ১৯১টি দেশে একযোগে দিবসটি উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা।
দিবসটি রাজধানী ঢাকাসহ দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৪৯৫টি উপজেলায় বড় পরিসরে উদযাপন করা হচ্ছে। এছাড়া সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ, সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং পিকেএসএফসহ বিভিন্ন এনজিওতেও দুর্নীতি বিরোধী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। দুদকের পাশাপাশি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে।
বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে। সরকারি উদ্যোগে ২০১৭ সাল থেকে এটি নিয়মিত উদযাপিত হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম