| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কারাবন্দী চার সাংবাদিকের মুক্তি দাবি সিপিজের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ০৭:২৭:২৩:পূর্বাহ্ন  |  ৪৪৮৩০২ বার পঠিত
কারাবন্দী চার সাংবাদিকের মুক্তি দাবি সিপিজের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে বাংলাদেশে কারাবন্দী চার সাংবাদিকের মুক্তি দাবি করেছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে নিউইয়র্কভিত্তিক সংগঠনটি অভিযোগ করেছে, এসব মামলা ‘প্রতিহিংসামূলক’ এবং এর পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই।

চিঠিতে যাদের মুক্তি দাবি করা হয়েছে তারা হলেন,ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত। সিপিজে জানায়, সাংবাদিকতা ও রাজনৈতিক সম্পৃক্ততার জেরে তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে পরিবার ও সহকর্মীরা মনে করছেন।

সংস্থাটি আরও জানায়, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে চার সাংবাদিককে ৩৬ বর্গফুটের সেলে মানবেতর পরিবেশে রাখা হচ্ছে। দরজার বদলে লোহার শিক থাকায় তারা শীত ও মশার উপদ্রবে ভুগছেন। কংক্রিটের মেঝেতে তোশক ছাড়া ঘুমাতে হচ্ছে এবং পর্যাপ্ত খাবার ও চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তুলে ধরা হয় চিঠিতে।

সিপিজের চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের নভেম্বরে দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস স্বীকার করেছিলেন যে সাংবাদিকদের বিরুদ্ধে তড়িঘড়ি করে মামলা দেওয়া নিয়ে উদ্বেগ রয়েছে এবং তা বন্ধে সরকার উদ্যোগ নিচ্ছে। কিন্তু গত বছরের ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পরও উল্টো এই চার সাংবাদিকের বিরুদ্ধে নতুন মামলা হয়েছে এবং তাদের জামিন আবেদন বারবার নাকচ হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

এ ছাড়া সাংবাদিকদের আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধেও সাম্প্রতিক হত্যা মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সিপিজে।

চিঠিতে বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদ এবং আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত চুক্তি (আইসিসিপিআর)-এ সুরক্ষিত বাক্‌ ও মতপ্রকাশের স্বাধীনতার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলা হয়, মানবাধিকার দিবস উপলক্ষে কারাবন্দী সাংবাদিকদের মুক্তি দিয়ে পরিবারে ফেরার ও কাজে যোগ দেওয়ার সুযোগ করে দিতে হবে।

সিপিজে জানায়, মালয়েশিয়ায় অনুষ্ঠিত চলতি বছরের গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সে ১০০টির বেশি দেশের দেড় হাজারের বেশি সাংবাদিক এই আহ্বানে সংহতি জানিয়েছেন।

চিঠির শেষে বলা হয়, এই বিষয়ে প্রধান উপদেষ্টার ব্যক্তিগত হস্তক্ষেপ মানবিক শাসন, ন্যায়বিচার ও মুক্ত আলোচনার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪