রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগ বাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪০১ জনে—যা চলমান পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রকাশিত দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৪২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর ফলে এ বছর হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ হাজার ৭০৫ জনে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৯৬ হাজার ৭৬০ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১,৯৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। চলতি বছরের মাসভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যাচ্ছে, একক মাসে সর্বোচ্চ মৃত্যু হয়েছে নভেম্বরে ৯৯ জন। অক্টোবর মাসে মৃত্যু হয়েছিল ৮০ জনের এবং সেপ্টেম্বরে ৭৬ জন ডেঙ্গু রোগীর প্রাণহানি ঘটে।
বছরের শুরুতে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন ডেঙ্গু রোগীর মৃত্যু হলেও মার্চ মাস ছিল মৃত্যুশূন্য। এপ্রিল মাসে মৃত্যু হয় ৭ জনের এবং মে মাসে ৩ জনের। এরপর জুন থেকে মৃত্যুহার বাড়তে থাকে। জুনে মৃত্যু ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে ৩৯ জন।
এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতা, বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছেন।
রিপোর্টার্স২৪/ঝুম