সিনিয়র রিপোর্টার: ঘুষ ও দুর্নীতির অভিযোগে পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন বিপ্লব কুমার সরকারের স্ত্রী হোসনেয়ারা বেগম, ভাই প্রণব কুমার সরকার এবং ভাইয়ের স্ত্রী শাহানারা বেগম।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা, উপপরিচালক আখতারুল ইসলাম। দুদকের পক্ষে সহকারী পরিচালক রাসেল রনি দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেন।
আবেদনে বলা হয়, সরকারি চাকরিজীবী অবস্থায় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ উপার্জন করে সেই আয়ের উৎস আড়াল করার অভিযোগ রয়েছে বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে। তাঁর নিজ নামে ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ২১ ব্যাংকের ৩২৫টি, ২টি আর্থিক প্রতিষ্ঠানের ৩টি এবং ৭টি ব্রোকারেজ হাউসের ১৩টি মোট ৩৪১টি হিসাবে ৩০ কোটি ৭২ লাখ টাকা জমা ও ৩০ কোটি ১৩ লাখ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং নামে–বেনামে সম্পত্তি ক্রয়সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। দুদকের আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিপ্লব কুমার সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশত্যাগের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের বিদেশ গমন নিষিদ্ধ করা জরুরি হয়ে পড়েছে।
রিপোর্টার্স২৪/এসসি