| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিরোপা পাঠানো হয়েছিল রাজশাহীতে, জিতল রংপুর

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ১২:১৯:৩৬:অপরাহ্ন  |  ৪০১৪৪১ বার পঠিত
শিরোপা পাঠানো হয়েছিল রাজশাহীতে, জিতল রংপুর

বগুড়া প্রতিনিধি : ২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চার দিনের লংগার ভার্সনে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। লিগের শেষ ম্যাচে খুলনাকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জয় নিশ্চিত করে আকবর আলীর দল।

৭ ম্যাচে ৩টি জয় এবং ৩টি ড্র করে রংপুর। পরাজিত হয়েছে একটি ম্যাচে। ফলে ৯ পয়েন্ট নিয়ে শিরোপা জিতে নিল রংপুর বিভাগ। সমান সংখ্যক ম্যাচ খেলে ২টিতে জয় ও ৫টিতে ড্র করে সমান ৯ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় সিলেট বিভাগ। শেষ ম্যাচে মঙ্গলবার রাজশাহী স্টেডিয়ামে বরিশালের সঙ্গে ড্র করায় শিরোপা জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায় সিলেটের।

রংপুরের শিরোপা অনেকটাই নিশ্চিত হয়েছিল সোমবার খুলনাকে আকস্মিকভাবে হারানোর পর। কিন্তু বরিশাল এবং সিলেটের মধ্যকার ম্যাচটি অমীমাংসিত থাকায় চূড়ান্ত ঘোষণা দেওয়া সম্ভব হয়নি।

বিসিবি সিলেটকে সম্ভাব্য চ্যাম্পিয়ন ভেবে রাজশাহীতে ট্রফি পাঠিয়েছিল। কিন্তু রংপুরের কাছে খুলনা হারার পরই ঘুম ভাঙে বিসিবির। তারা দ্রুত রাজশাহী থেকে বগুড়ায় পৌঁছে দেয় চ্যাম্পিয়ন ট্রফি।

এবারের এনসিএল লংগার ভার্সনে সর্বোচ্চ রান করেছেন খুলনা বিভাগের সৌম্য সরকার। শেষ ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন রংপুরের ইকবাল হোসেন এবং লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রংপুরের পেস বোলার মুকিদুল ইসলাম মুগ্ধ। মঙ্গলবার বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ট্রফি, প্রাইজমানি এবং ক্রিকেটারদের ব্যক্তিগত পুরস্কার তুলে দেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মাসুদ হোসেন। এ সময় রংপুর জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, রংপুর বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজার তারেক আহমেদ রুবেল, বিসিবির রংপুর জেলার কাউন্সিলর আশরাফুল আলম সুজন, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল ও মমিনুর রশীদ শাইন উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪