রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য ৩০০ জন বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। প্রধান বিচারপতি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান সিইসি।
সাক্ষাৎ শেষে সিইসি বলেন, আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি। এ সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণার কথা রয়েছে। সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি।
তিনি আরও জানান, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য ও বিদায়ী সাক্ষাৎ করতেই তার এ সফর, কারণ তিনি চলতি মাসেই অবসরে যাচ্ছেন।
সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিচার বিভাগের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি (নির্বাচনী অনুসন্ধান কমিটি) দ্রুত নিয়োগ ও কার্যকর করার বিষয়ে অনুরোধ জানিয়েছেন তিনি। তফসিল ঘোষণার পরই এই প্রক্রিয়া ত্বরান্বিত করার সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি।
প্রথা অনুযায়ী, নির্বাচনী তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন সিইসিরা। তবে এবার সিইসি এ এম এম নাসির উদ্দিন সচিবকে সঙ্গে নিয়ে একাই সাক্ষাৎ করেন।
রিপোর্টার্স২৪/এসসি