রিপোর্টার্স২৪ ডেস্ক: সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)–এর সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে টানা তৃতীয় বছরের মতো সাংবাদিক হত্যার তালিকায় শীর্ষে রয়েছে ইসরায়েল। গণহত্যার অভিযোগে অভিযুক্ত দেশটি বিশ্বব্যাপী সাংবাদিকদের নিরাপত্তার জন্য ‘সবচেয়ে বড় হুমকি’ হিসেবে চিহ্নিত হয়েছে বলেও উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। প্যারিসভিত্তিক আরএসএফের প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে বিশ্বজুড়ে ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর আগের বছর এই সংখ্যা ছিল ৬৬। নিহতদের ৪৩ শতাংশই ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন।
আরএসএফের মূল্যায়নে বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে সাংবাদিক হত্যার ক্ষেত্রে বিশ্বে ইসরায়েল শীর্ষে ছিল। ২৫ আগস্ট গাজার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ইসরায়েলি সেনার হামলায় রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) দুই সাংবাদিকসহ পাঁচ সাংবাদিক নিহত হওয়ার ঘটনাকে বছরটির সবচেয়ে বড় হামলা হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের অভিযানের পর থেকে এ পর্যন্ত ২২০ সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এখনো বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশ ইসরায়েলি সেনাবাহিনীর কঠোর নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে সীমিত রয়েছে।
ইসরায়েলের পর সাংবাদিক হত্যায় মেক্সিকো দ্বিতীয় অবস্থানে রয়েছে। বামপন্থি প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবম সাংবাদিকদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেও চলতি বছরে দেশটিতে নয় জন সাংবাদিক নিহত হয়েছেন। তালিকার অন্যান্য উল্লেখযোগ্য দেশ ইউক্রেন ও সুদান যেখানে যথাক্রমে তিন ও চারজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
আরএসএফ জানায়, ২০১২ সাল একক বছরে সাংবাদিক হত্যার সবচেয়ে ভয়াবহ সময় ছিল; সে বছর সিরিয়ার গৃহযুদ্ধের মধ্যেই ১৪২ জন সাংবাদিক নিহত হন।
রিপোর্টার্স২৪/এসসি