সিনিয়র রিপোর্টার: গণঅভ্যুত্থান–পরবর্তী আসন্ন জাতীয় নির্বাচনকে ‘নতুন বাংলাদেশ গড়ার সুযোগ’ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনকে এমনভাবে আয়োজন করতে হবে, যেন তা হয় সুন্দর, সুষ্ঠু এবং স্মরণীয়।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সে নির্বাচন প্রস্তুতি পর্যালোচনা ও দিকনির্দেশনা প্রদানকালে তিনি এসব কথা বলেন। এ সময় সব জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারাও অনলাইনে যুক্ত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ইতিহাস আমাদের নতুন করে একটি সুযোগ দিয়েছে। এই সুযোগ আমরা কাজে লাগাতে পারলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব; নইলে জাতি মুখ থুবড়ে পড়বে।” তিনি আরও বলেন, অতীতে নির্বাচনের নামে প্রতারণা হয়েছে, যা কোনো সুস্থ মানুষ নির্বাচনী প্রক্রিয়া হিসেবে মেনে নিতে পারে না।
তিনি ইউএনওদের দায়িত্বশীলতা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচন শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, একটি ঐতিহাসিক দায়িত্ব। সঠিকভাবে দায়িত্ব পালন করা গেলে নির্বাচন দিবসটিও জনগণের জন্য ঐতিহাসিক হয়ে উঠবে।
জাতীয় নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য, আর গণভোট শত বছরের জন্য। গণভোটের মাধ্যমে নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
সদ্য যোগদানকারী ইউএনওদের উদ্দেশে তিনি বলেন, তাদের মূল দায়িত্ব হলো শান্তিপূর্ণ ও আনন্দমুখর নির্বাচন আয়োজন করা। এজন্য প্রতিটি ভোটকেন্দ্র পরিদর্শন, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে সর্বোত্তম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
ভোটারদের গণভোট সম্পর্কে সচেতন করতে বিশেষ গুরুত্ব দিতে বলেন প্রধান উপদেষ্টা। তার ভাষায়, ভোটারদের বোঝাতে হবে তাঁরা মন তৈরি করে আসুন, হ্যাঁ দেবেন নাকি না দেবেন।
কর্মকর্তাদের ধাত্রীর সঙ্গে তুলনা করে তিনি বলেন, ধাত্রী যদি ভালো হয়, জন্ম নেওয়া শিশুও ভালো হয়। সেইভাবে নির্বাচন পরিচালনায়ও দক্ষতা, সহমর্মিতা ও সততা প্রয়োজন।
অপতথ্য ও গুজব প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে তিনি নারীদের ভোট অংশগ্রহণ নিশ্চিত করতেও ইউএনওদের প্রতি আহ্বান জানান।
শীঘ্রই নির্বাচনের তফসিল ঘোষণা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এখন থেকেই প্রতিটি পর্যায়ের কাজের পরিকল্পনা তৈরি করতে হবে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এবং জনপ্রশাসন সচিব মো. এহছানুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি