সিনিয়র রিপোর্টার: আওয়ামী লীগকে নিয়ে জনপ্রিয়তা জরিপ প্রকাশকে অনৈতিক উল্লেখ করে প্রশ্ন তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
তার মতে, গণহত্যা ও দমন–পীড়নের অভিযোগে অভিযুক্ত একটি রাজনৈতিক দলকে কেন্দ্র করে জনপ্রিয়তা জরিপ চালানো নিরপেক্ষ গবেষণা নয়; বরং এটি ধীরে ধীরে সেই অতীতকে স্বাভাবিকীকরণ করে। তিনি লিখেন, ১৬ বছর ক্ষমতায় থাকাকালে বিএনপি নয়, বরং আওয়ামী লীগ ভয়-নির্ভর একটি রাজনৈতিক কাঠামো তৈরি করেছিল যেখানে বিরোধী সমাবেশে হামলা, হতাহতের ঘটনা, রাস্তা দখল এবং আগ্নেয়াস্ত্রের অবাধ প্রবাহ ছিল নিয়মিত।
শফিকুল আলম আরও বলেন, গত জুলাই–আগস্টে দমন-পীড়ন দিয়ে আন্দোলন দমাতে সক্ষম হলে আওয়ামী লীগ আরও দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারত। কিন্তু নতুন প্রজন্ম ভয়কে অস্বীকার করায় সরকার টিকে থাকতে পারেনি। তিনি প্রশ্ন তোলেন একটি জরিপ কি ইতিহাস মুছে ফেলতে পারে? শহীদ ফাইয়াজসহ জুলাই বিপ্লবে নিহত অসংখ্য মানুষের প্রতি কি এটি অবমাননা নয়?
তার মন্তব্য যে কোনো জনপ্রিয়তা জরিপের আগে প্রয়োজন জবাবদিহি ও আইনি বিচার। আওয়ামী লীগকে নিজেদের অতীত নিয়ে প্রকাশ্যে অবস্থান নিতে হবে; কারণ জবাবদিহিই হতে পারে স্বাভাবিকীকরণের পূর্বশর্ত।
উল্লেখ্য, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে অন্তর্বর্তী সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রিয়তা নিয়ে একটি জরিপ প্রকাশিত হয়।
রিপোর্টার্স২৪/এসসি