রিপোর্টার্স২৪ ডেস্ক: বুধবার (১০ ডিসেম্বর) নাটোরে জেলা ও উপজেলা পর্যায়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, এই প্রকল্পটি তৃণমূল পর্যায়ে মানুষের মাঝে ধর্মচেতনা এবং ইবাদতের প্রবণতা বৃদ্ধি করবে। তিনি জানান, সচ্চরিত্রবান মানুষ গড়ে তোলার পাশাপাশি সমাজে অপরাধ প্রবণতা কমাতে মডেল মসজিদের গুরুত্ব অপরিসীম।
তিনি বলেন, মসজিদ গুলো সচল রাখা এবং নামাজের উপযোগী করার দায়িত্ব তাদের। বিদ্যুৎ বিল ও অন্যান্য প্রাত্যহিক সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ও কাজ করছে।
তিনি আরও বলেন, মডেল মসজিদ নির্মাণে কিছু স্থাপত্যগত ত্রুটি লক্ষ্য করা গেছে, যা সংশোধন করা হচ্ছে। কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে জানানোর অনুরোধও করেন তিনি। প্রকল্পের অধীনে দেশের প্রত্যেক জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। নাটোরের তিনটি মডেল মসজিদ ও কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে মোট ৪৬ কোটি ৭৭ লাখ টাকা। ইসলামিক ফাউন্ডেশন এবং গণপূর্ত বিভাগ এই প্রকল্প বাস্তবায়ন করছে।
ধর্ম উপদেষ্টা মনে করিয়ে দেন, মডেল মসজিদ কেবল নির্মাণ করা নয়, এগুলোকে সচল রাখা এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার মধ্য দিয়ে প্রকৃত সামাজিক ও ধর্মীয় প্রভাব তৈরি হবে। মসজিদের সংখ্যা বৃদ্ধি পেলে মুসল্লির সংখ্যাও বাড়বে, যা সমাজে সুশৃঙ্খল ও পরিশীলিত পরিবেশ গড়ে তুলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডেল মসজিদ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শহিদুল আলম, পুলিশ সুপার এম. এ. ওয়াহাব, ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম, উপ-প্রকল্প পরিচালক মোহাম্মাদ ফেরদৌস-উজ-জামান এবং নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।
রিপোর্টার্স২৪/ঝুম