রিপোর্টার্স২৪ ডেস্ক: সচিবালয়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য ২০ শতাংশ সচিবালয় ভাতা বাস্তবায়নের দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করেছেন নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় এ ঘটনাটি ঘটে। বিকেল ৪টা পর্যন্ত আন্দোলনকারীরা অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
সরেজমিনে দেখা যায়, দুপুর ২টা ৩০ মিনিটের পর সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত তিন থেকে চার শতাধিক নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী সেখানে জড়ো হন। এরপর তারা মিছিলসহ অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেন এবং তাকে অবরুদ্ধ করে দাবি আদায়ের স্লোগান দিতে থাকেন।
একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ ভাতা চালুর দাবিতে আন্দোলন চলছে। উপদেষ্টা, মন্ত্রী ও সচিবদের সঙ্গে তাল মিলিয়ে রাত পর্যন্ত অফিস করতে হলেও তারা অন্যান্য দপ্তরের মতো অতিরিক্ত ভাতার সুবিধা পান না।
আন্দোলনকারীরা আরও বলেন, এর আগে রেশন সুবিধার দাবিতেও অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করা হয়েছিল। তখন তিনি বিবেচনার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত মহার্ঘ্য ভাতা কার্যকর হয়নি। নতুন পে-কমিশন গঠন করা হলেও বর্তমান সরকার তা বাস্তবায়ন করবে না বলে অর্থ উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন। এসব দাবিনির্ভর ক্ষোভ থেকেই আজকের এই অবরোধ কর্মসূচি।
রিপোর্টার্স২৪/এসসি