সিনিয়র রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও তফসিলের আগে পদত্যাগ করবেন কি না এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানাননি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি দুটি মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম তুলে ধরেন। এ সময় নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আমি নির্বাচন করব, এটি নিশ্চিত। তবে কোথা থেকে বা কোন দল থেকে করব তা পরে জানাব।
তফসিলের আগে পদত্যাগের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই জানানো হবে। আমাকে ঊর্ধ্বতন নির্দেশনা অনুসরণ করতে হয়, তাই এখনই বিস্তারিত বলা সম্ভব নয়।
সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে ছাত্র প্রতিনিধি দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও তথ্য–উপদেষ্টা মাহফুজ আলমকে গত সেপ্টেম্বরের মাঝামাঝি পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তারা সময় চেয়েছিলেন।
সূত্র আরও জানায়, তথ্য–উপদেষ্টা মাহফুজ আলম সরকারের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দায়িত্বে থাকতে চান এবং তিনি নির্বাচনে অংশ নেবেন না বলেও জানিয়েছেন।
উচ্চপর্যায়ের সংশ্লিষ্টরা মনে করছেন, তফসিল ঘোষণার পর ছাত্র প্রতিনিধি দুজনের উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকা নীতিগতভাবে গ্রহণযোগ্য হবে না। তারা নির্বাচনে দাঁড়াক বা না দাঁড়াক, তাদের পদত্যাগ প্রয়োজন বলে সরকার মনে করছে।
রিপোর্টার্স২৪/এসসি