| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন

ঝালকাঠি থেকে গ্রেপ্তার গৃহকর্মী আয়েশাকে নিয়ে চলছে অভিযান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ১১:৪৭:৩১:পূর্বাহ্ন  |  ১১৪৫১০৬ বার পঠিত
ঝালকাঠি থেকে গ্রেপ্তার গৃহকর্মী আয়েশাকে নিয়ে চলছে অভিযান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মী মোছা. আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামীর বাড়িতে আত্মগোপন করে থাকার সময় বুধবার (১০ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকায় অভিযান চালাচ্ছে মোহাম্মদপুর থানা পুলিশ। উদ্ধার করা হচ্ছে নিয়ে যাওয়া টাকা-পয়সা ও অন্যান্য মূল্যবান সামগ্রী। পুলিশ জানিয়েছে, তাকে ঢাকায় আনতে রাত হতে পারে।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, আয়েশার তথ্য অনুযায়ী নলছিটির বিভিন্ন স্থানে অভিযান চলছে। বাসা থেকে লুট করা সম্পদ উদ্ধারের চেষ্টা চলছে বলেই ঢাকায় ফেরায় বিলম্ব হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, হত্যাকাণ্ডের পর গৃহকর্মীর পরিচয় শনাক্তে কোনো নথি পাওয়া যায়নি না জাতীয় পরিচয়পত্র, না ফোন নম্বর। সিসিটিভি ফুটেজ ধরে অনুসন্ধান শুরু হয়। রিকশা থেকে নামার পর তার গতিপথ আর শনাক্ত করা যাচ্ছিল না। পরে তথ্যপ্রবাহ ধরে প্রথমে আশুলিয়া, এরপর বরিশাল বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়, যেখানে তাকে পাওয়া যায়নি। সর্বশেষ ঝালকাঠির নলছিটিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, কোনো পরিচয়পত্র ছাড়াই ২৪ ঘণ্টার মধ্যে তাকে শনাক্ত এবং ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। তাকে নিয়ে আরও কয়েকটি স্থানে অভিযান চলছে।

গত সোমবার (৮ ডিসেম্বর) মোহাম্মদপুরের শাহজাহান রোডের ৩২/২/এ নম্বর বাসার সপ্তম তলায় গৃহিণী লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে (১৫) কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় গৃহকর্মী আয়েশা। সকাল সাড়ে ১১টার দিকে লায়লা আফরোজের রক্তাক্ত মরদেহ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। নাফিসাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত নাফিসার বাবা আ. জ. ম. আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি সানবিমস স্কুলের শিক্ষক। মামলায় তিনি উল্লেখ করেন, মাত্র চার দিন আগে আয়েশা খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে তাদের বাসায় কাজ শুরু করে। সোমবার সকাল ৭টার দিকে তিনি কর্মস্থলে চলে যাওয়ার পর স্ত্রী–মেয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে বাসায় ফিরে লাশ দেখতে পান।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল ৭টা ৫১ মিনিটে আয়েশা বাসায় আসে এবং ৯টা ৩৫ মিনিটে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় একটি মোবাইল, একটি ল্যাপটপ, স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

রিপোর্টার্স২৪/এসসি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪