রিপোর্টার্স২৪ ডেস্ক: সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। এদিন সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪–এ নতুন সচিবালয়ের উদ্বোধন করবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
গত ৩০ নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ’ জারি করে। এর আগে ২০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়।
অধ্যাদেশ জারির পর সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছিল, বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রতা নিশ্চিত করতে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় গত বছরের ২৭ অক্টোবর। সেই প্রস্তাবে সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুযায়ী অধঃস্তন আদালত ও ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ আরও কার্যকরভাবে পালনের লক্ষ্যে স্বতন্ত্র সচিবালয়, তার অর্গানোগ্রাম এবং রুলস অব বিজনেস সংশোধনের প্রস্তাব পাঠানো হয়।
সুপ্রিম কোর্টের মতে, অধ্যাদেশ জারির মাধ্যমে বিচার বিভাগের জন্য দীর্ঘদিনের প্রত্যাশিত পৃথক সচিবালয় প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে, যা সম্ভব হয়েছে অন্তর্বর্তী সরকারের ইতিবাচক সহযোগিতায়।
রিপোর্টার্স২৪/এসসি