রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। বুধবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণে প্রধান বিচারপতির গ্রহণ করা উদ্যোগ এবং সেগুলোর সফল বাস্তবায়নার প্রশংসা করেন। বিশেষ করে তাঁর অক্লান্ত প্রচেষ্টায় সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠাকে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ আশা প্রকাশ করেন, সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বাংলাদেশের প্রধান বিচারপতির নেওয়া উদ্যোগ ভবিষ্যতে পথনির্দেশক হিসেবে কাজ করবে। তিনি জানান, একটি সক্ষম ও শক্তিশালী বিচার ব্যবস্থা গঠনে জার্মানি বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ রাষ্ট্রদূতকে জানান, বিপ্লবোত্তর বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন। পাশাপাশি দুই দেশের বিচার বিভাগীয় সম্পর্ক আরও জোরদার করতে সুপ্রিম কোর্ট এবং জার্মান বিচার বিভাগের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।
রিপোর্টার্স২৪/এসসি