স্টাফ রিপোর্টার: ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ কয়েকটি দাবিতে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় কারওয়ান বাজার মোড় অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এসময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে নেমে যান ব্যবসায়ীরা, ফলে তীব্র যানজট সৃষ্টি হয়। ৩ ঘণ্টার বেশি বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠানো হলে এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সঙ্গে আলোচনায় এনইআইআর সংস্কারের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় ব্যবসায়ীরা বিক্ষোভ দেখান। শত শত ব্যবসায়ী স্লোগান দিতে দিতে রাস্তায় নেমে আসে। এর আগে গত রোববারও বিটিআরসি ভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেছিলেন।
ব্যবসায়ীদের দাবির মধ্যে রয়েছে মোবাইলের আমদানি শুল্ক কমানো, আমদানি শর্ত সহজ করা এবং এনইআইআর সিস্টেম চালুর পরিকল্পনার প্রতিবাদ। আগামী ১৬ ডিসেম্বর থেকে এই সিস্টেম চালু হতে যাচ্ছে। এতে আইএমইআই নম্বর ব্যবহার করে চুরি বা অবৈধ মোবাইল ফোন চিহ্নিত ও ব্লক করা হবে।
রিপোর্টার্স২৪/এসসি