সিনিয়র রিপোর্টার: মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবির পর পুরোনো ফোন আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোন কোন মডেল আনা যাবে, তা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
বুধবার রাতে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফোন আমদানিতে বাধা নেই। তবে আমদানির বিষয়ে সরকারকে অবহিত করতে হবে। এছাড়া শুল্ক কাঠামো পুনর্নির্ধারণে এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।
এনইআইআর চালু নিয়ে ‘গ্রে মার্কেটের’ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয়, অবৈধ ফোন ১৫ মার্চ পর্যন্ত নিবন্ধন করা যাবে। ১৬ ডিসেম্বর থেকে চালু হবে এনইআইআর।
বৃহস্পতিবারও ব্যবসায়ীরা ঢাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করেন। সন্ধ্যায় বিটিআরসি, এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে পুরোনো ফোন আমদানিতে শর্ত সাপেক্ষ অনুমোদনের সিদ্ধান্ত জানানো হয়।
মোবাইল বিজনেস কমিউনিটির সভাপতি মোহাম্মদ আসলাম জানান, আমদানিতে ট্যাক্স থাকলেও তা সহনীয় করার দাবি জানানো হয়েছে, যাতে বাজারে ফোনের দাম না বাড়ে।
রিপোর্টার্স২৪/বাবি