| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামীকাল থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ০৩:৩২:৪৪:পূর্বাহ্ন  |  ৩৯৯৯৯৮ বার পঠিত
আগামীকাল থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা

রিপোর্টার্স২৪ ডেস্ক: পূর্বঘোষিত আলটিমেটাম পালন করে অবশেষে কঠোর অবস্থানে গেলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা–কর্মচারীরা। স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশের দাবিতে আগামী শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৭টা থেকেই মেট্রোরেলের সব ধরনের যাত্রীসেবা সম্পূর্ণ বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন তারা। এই একই সময় থেকে প্রতিষ্ঠানজুড়ে শুরু হবে সর্বাত্মক কর্মবিরতি, যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী কর্মকর্তারা।

বুধবার (১০ ডিসেম্বর) পাঠানো এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। কর্মচারীরা আরও জানিয়েছেন, প্রতিদিনই তারা ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন।

কর্মচারীদের অভিযোগ, প্রতিষ্ঠার ১২ বছর পেরিয়ে গেলেও ডিএমটিসিএলের ৯০০-র বেশি কর্মকর্তা-কর্মচারীর জন্য আজও কোনো স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা চূড়ান্ত হয়নি। ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রা শুরুর পর থেকে কর্মীরা দিন-রাত শিফটে কাজ করলেও ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট-অ্যালাউন্স/ওভারটাইম, গ্রুপ ইনস্যুরেন্সসহ নানা মৌলিক সুবিধা থেকে তারা বঞ্চিত। এমন অভিযোগ বারবার উঠে এসেছে তাদের পক্ষ থেকে।

চাকরি-বিধিমালা প্রণয়নে দীর্ঘসূত্রতার বিষয়ে কর্মচারীরা জানান, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর উপদেষ্টা কমিটির নির্দেশনায় ৬০ কর্মদিবসের মধ্যে সার্ভিস রুল তৈরির কথা থাকলেও সেই নির্দেশনা মানা হয়নি। এর পর আন্দোলনের মুখে ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি কর্তৃপক্ষ ২০ মার্চের মধ্যে চূড়ান্ত খসড়া প্রকাশের প্রতিশ্রুতি দেয়। কিন্তু সেই প্রতিশ্রুতিও বাস্তবায়িত না হওয়ায় গত নয় মাস ধরে কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ জমা হয়েছে।

আরও অভিযোগ করে তারা বলেন, গত ১০ ডিসেম্বর ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে জানানো হয়—সার্ভিস রুলের প্রায় সব ধারা নিয়েই পরিচালনা পর্ষদ একমত। কিন্তু ‘বিশেষ বিধান সংক্রান্ত একাদশ অধ্যায়’ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই অধ্যায়ে মেট্রোরেল প্রকল্পের জনবলকে ডিএমটিসিএলে আত্মীকরণের বিষয়টি যুক্ত, যা তাদের দাবি অনুযায়ী দেশের প্রচলিত আইন ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক।

কর্মচারীদের ভাষায়, পরিচালনা পর্ষদ বিতর্কিত সেই বিধান বাদ দিতে আগ্রহী হলেও ডিএমটিসিএল কর্তৃপক্ষের ‘চাপ ও গড়িমসির’ কারণেই সার্ভিস রুল প্রকাশ বিলম্বিত হচ্ছে।

সবশেষে কর্মচারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন। ১১ ডিসেম্বরের মধ্যেও সার্ভিস রুল প্রকাশ না হলে ১২ ডিসেম্বর শুক্রবার থেকে মেট্রোরেলের চাকা থেমে যাবে, আর দায়িত্ব পুরোপুরি নিতে হবে কর্তৃপক্ষকেই।

তাদের দাবি, চাকরি-বিধিমালা ছাড়া ক্যারিয়ার, বেতন-সুবিধা, ন্যায্য অধিকার কিছুই নিশ্চিত নয়। তাই আর কোনো আশ্বাস নয়, হাতে পাওয়া সার্ভিস রুল ছাড়া কোনো সমাধান নয়।

মেট্রোরেলের প্রতিদিনের কয়েক লাখ যাত্রীর দুর্ভোগ বাড়তে পারে এমন কঠোর কর্মসূচিও তারা নিতে বাধ্য হয়েছেন বলেই মন্তব্য করেছেন আন্দোলনকারীরা।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪