| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই হত্যা মামলায় ‘নিহত’ ভাই জীবিত, হাসিনাসহ ৪২ জনকে অব্যাহতির সুপারিশ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ০৩:৪৫:৩০:পূর্বাহ্ন  |  ৩৯২৯৪০ বার পঠিত
জুলাই হত্যা মামলায় ‘নিহত’ ভাই জীবিত, হাসিনাসহ ৪২ জনকে অব্যাহতির সুপারিশ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকার আলোচিত জুলাই হত্যা মামলায় বড় ভাইকে ফাঁসাতে ছোট ভাইকে ‘নিহত’ দেখিয়ে মামলা করেছিলেন মোস্তফা কামাল ওরফে মোস্ত ডাকাত। কিন্তু তদন্তে বেরিয়ে এসেছে- যাকে মৃত দাবি করা হয়েছিল, সেই দুলাল ওরফে সেলিম (মূল নাম সোলায়মান সেলিম) জীবিত আছেন। এ ঘটনায় মিথ্যা তথ্যের ভিত্তিতে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪২ জনকে অব্যাহতির সুপারিশ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

৩ আগস্ট যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল পরিস্থিতির মধ্যে সেলিম নিহত হয়েছেন- এ দাবি করে মামলা করেন মোস্তফা কামাল। আদালতের নির্দেশে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়। প্রথমে ৪১ জনকে আসামি করা হলেও পরে সংখ্যা দাঁড়ায় ৪২ জনে। দু’জনকে গ্রেপ্তারও দেখানো হয়েছিল।

তবে ডিবির তদন্তে জানা যায়, সোলায়মান সেলিম জীবিত এবং ময়মনসিংহের ফুলবাড়িয়ার বেলতলী বাজার এলাকায় পরিবারসহ বসবাস করছেন। তিনি জানান, জমি দখলের উদ্দেশ্যে তাকে ‘নিহত’ দেখিয়ে মামলা সাজিয়েছে তারই ভাই। সেলিম আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘তারা আমাকে খুন করে অন্যকে ফাঁসাতে পারে। ভয় পাই, বাড়িতে থাকতে পারি না।’

তদন্ত কর্মকর্তা এসআই ইনামুল ইসলামের প্রতিবেদনে বলা হয়, বাদী মোস্তফা কামালের বিরুদ্ধে হত্যা-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে এবং ১০ বছর ধরে সার্চ ওয়ারেন্ট মাথায় নিয়ে পলাতক। জমিজমা বিরোধের জেরে ভবিষ্যতে ভাইকে হত্যা ও লাশ গুমের পথ পরিষ্কার করতেই তিনি এই মামলা সাজিয়েছেন।

ডিবির ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন বলেন, এটি ইচ্ছাকৃত ভুয়া মামলা। বাদীর বিরুদ্ধে দণ্ডবিধির ২১১ ধারায় মামলা করার অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

অব্যাহতির সুপারিশ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, রমেশ চন্দ্র সেন, আসাদুজ্জামান নুর, সাবেক এমপি শামীম ওসমান, মশিউর রহমান মোল্লা সজল, অয়ন ওসমান, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ আরও অনেকে।

এ মামলায় গ্রেপ্তার হওয়া মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী ও মিরাজ খানকেও অব্যাহতির সুপারিশ করা হয়েছে। মিরাজের আইনজীবী বলেন, হত্যা হয়নি, তবু হয়রানির শিকার হয়েছেন। রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করা উচিত।

ডিবির চূড়ান্ত প্রতিবেদন ৩০ নভেম্বর আদালতে জমা দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি ২১ ডিসেম্বর।

মামলাকারী মোস্তফা কামালের দেওয়া মোবাইল ফোন নম্বর বন্ধ রয়েছে।

সূত্র: বিডিনিউজ

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪