রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে হ্যা-না ভোটের বিষয়টি বোঝানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই কথা বলেন।
তথ্য সচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছতার সাথে করতে সরকার বদ্ধ পরিকর। এ ব্যাপারে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
গত ১৫ বছরের নির্বাচন নিয়ে জনগণের তিক্ত অভিজ্ঞতা আছে মন্তব্য করে বলেন, জনগণকে নির্বাচন এবং ভোট কেন্দ্রে আসার ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে। বিশেষ করে তরুণ, নারী ও অনগ্রসর অঞ্চলের ভোটারদের। হ্যা ও না ভোটের বিষয়টিও জনগণকে সহজভাবে বোঝাতে হবে। কারণ এই বিষয়টির সঙ্গে তারা পরিচিত নন।
তথ্য সচিব আরও বলেন, গুজব এবং অপতথ্য দূর করতেও তথ্য কর্মকর্তাদের বিশেষ ভূমিকা রাখতে হবে। এ সময়, কর্মকর্তাদের নির্বাচনি আইন ও নিয়মকানুন সম্পর্কে জেনে নেয়ার অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, এবারের নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সাথে মিলে প্রচার-প্রচারণার কাজটি করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নির্বাচন উপলক্ষে ৩০টি জেলায় সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম