স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার গৃহকর্মী আয়েশার ৬ দিনের এবং তার স্বামী রাব্বী শিকদারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. সহিদুল ওসমান মাসুম আসামি দুজনেরই ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে যুক্তি দেন সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন-অর-রশিদ। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ৮ ডিসেম্বর নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ থাকে, ৫ ডিসেম্বর গৃহকর্মী হিসেবে কাজে যোগ দেন আয়েশা। ঘটনার দিন সকালে আজিজুল কর্মস্থল উত্তরায় অবস্থান করা কালে স্ত্রীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা ব্যর্থ হলে বেলা ১১টার দিকে বাসায় ফিরে আসেন। এ সময় দেখেন, তার স্ত্রী রান্নাঘর-সংলগ্ন করিডোরে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে আছেন এবং মেয়ে গলার ডান পাশে কাটা অবস্থায় প্রধান ফটকের কাছে গুরুতর আহত হয়ে পড়ে আছে। পরে মেয়েকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, সকাল ৭টা ৫১ মিনিটে আয়েশা বাসায় প্রবেশ করেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটে নিহত নাফিসার স্কুল ড্রেস পরে একটি মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী নিয়ে বাসা ত্যাগ করেন। অভিযোগ অনুযায়ী, এই সময়ের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে লায়লা ফিরোজ ও তার মেয়েকে হত্যা করা হয়।
রিপোর্টার্স২৪/এসসি