স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা সম্প্রচারিত হয় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে।
তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোটও হবে। ভোটগ্রহণ সকাল ৭:৩০টা থেকে বিকেল ৪:৩০টা পর্যন্ত টানা চলবে।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশিরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ পর্যন্ত ৩ লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, তপশিল ঘোষণার পর কোনো রাজনৈতিক দল যদি আইন না মেনে চলে, তবে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা আমাদের দায়িত্ব। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও থাকতে হবে। আমি আশাবাদী, তারা আমাদের সহায়তা করবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের তপশিল ঘোষণা করা হবে। তবে গাজীপুর ও বাগেরহাটের সীমানা সংশোধন আদালতের আদেশ অনুযায়ী হচ্ছে।
এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন যারা সরকারি চাকরিজীবী, নির্বাচনে দায়িত্বে থাকবেন বা আইনি হেফাজতে থাকবেন। তাদের নিবন্ধনের জন্য অ্যাপ গুগল প্লে স্টোর ও অ্যাপলে পাওয়া যাবে। পোলিং অফিসারদের নিবন্ধন ১৬-১৭ ডিসেম্বর থেকে শুরু হবে। আইনি হেফাজতে থাকা ভোটাররা ২১-২৫ ডিসেম্বর নিবন্ধন করতে পারবেন।
এর আগে ইসি আচরণবিধি নিশ্চিত করতে সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত প্রতি উপজেলা/থানায় অন্তত দুই জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে।
রিপোর্টার্স২৪/এসসি