স্টাফ রিপোর্টার: রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্তি ও জাতীয়করণ, সংক্রান্ত দাবিতে আয়োজিত কর্মসূচিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ আটজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে আহতদের সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
আহতরা হলেন—মো. আরিফ উদ্দিন (৩৮), গোলাম রব্বানী (৩৫), হাফেজ রবিউল ইসলাম (৩০), মশিউর রহমান (৪২), পপি (৩৭), স্মৃতি আক্তার (৩০), সফিতা বিশ্বাস (৩০) ও হোসনে আরা (৩৫)।
আহতদের হাসপাতালে আনা সহকর্মী আতাউর রহমান বলেন, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের এমপিওভুক্তি ও জাতীয়করণের দাবিতে আমরা প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছিলাম। এ সময় পুলিশ আমাদের জোর করে সেখান থেকে সরিয়ে দিতে গেলে সংঘর্ষ হয়। এতে আমাদের আটজন আহত হন। তিনি জানান, আহতদের চিকিৎসা জরুরি বিভাগে চলছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, প্রেসক্লাবের সামনে সংঘর্ষে আহত নারীসহ আটজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে কয়েকজন চিকিৎসা নিয়ে চলে গেছেন, বাকিদের চিকিৎসা চলছে। ঘটনা সম্পর্কে শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।