| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের চার্জশিট

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ১৩:২০:৪৭:অপরাহ্ন  |  ৩৮৭৮৭২ বার পঠিত
ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের চার্জশিট
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশান-২ এলাকায় অনৈতিকভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইস্টার্ন হাউজিংকে অবৈধ সুবিধা দেওয়ার বিনিময়ে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে এ চার্জশিট দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি জানান কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন। মামলার অন্য দুই আসামি ছিলেন রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেন।

দুদক জানায়, চলতি বছরের জুলাইয়ে তদন্তের শেষ পর্যায়ে এসে আসামি শাহ খসরুজ্জামান একটি রিট দায়ের করলে হাইকোর্ট তার বিরুদ্ধে তদন্ত তিন মাসের জন্য স্থগিত করে। পরে চেম্বার আদালতে গিয়েও দুদক ‘নো অর্ডার’ পায়। বিকল্প উপায় না থাকায় পাঁচ মাস পর খসরুজ্জামানকে বাদ দিয়ে টিউলিপ সিদ্দিক ও সরদার মোশাররফকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেওয়া হয়।

তদন্তে উঠে আসে, ইস্টার্ন হাউজিং লিমিটেডের এক পত্রে টিউলিপ সিদ্দিক বিনা মূল্যে ফ্ল্যাট গ্রহণ করেছেন বলে উল্লেখ রয়েছে। রাজউকে পাঠানো ফ্ল্যাট মালিকদের তালিকার নোটশিটেও তার নাম পাওয়া যায়। সিটি করপোরেশনের নথিতে দেখা যায়, শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় ২০০১ সাল থেকেই ফ্ল্যাটটি তার দখলে আছে বলে তথ্য দেয় ইস্টার্ন হাউজিং।

এছাড়া, ২০০২ সালে রেজিস্ট্রি হওয়া ফ্ল্যাটটি বহু বছর আয়কর নথিতে গোপন রাখা হয় এবং ডেভেলপারকে অগ্রিম অর্থ প্রদানের মিথ্যা তথ্য জমা দেওয়া হয়। ছোট বোনের কাছে ‘হেবা’ করার দাবি যে দলিল দেখানো হয়, সেটিও তদন্তে জাল প্রমাণিত হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নথিতেও এখনো ফ্ল্যাটটির কর পরিশোধ ও নামজারির রেকর্ড টিউলিপের নামেই রয়েছে।

তদন্তে প্রাপ্ত এসব প্রমাণের ভিত্তিতে দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪