রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েসের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের বর্তমান নেতৃবৃন্দ নবীনদের উদ্দেশে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম ও গাছ লাগানো সহ বিভিন্ন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা গ্রীন ভয়েসের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নবীনদের অংশগ্রহণের সুযোগ নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
নবীন সদস্যদের উপস্থিতিতে টিএসসিসি মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। সাংগঠনিক পরিচিতি, অভিজ্ঞ সদস্যদের বক্তব্য এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গঠনের অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান। তিনি বলেন , গ্রীন ভয়েস পরিবেশ বিষয়ক কার্যক্রম দীর্ঘদিন ধরে করে আসছে। তারা ক্যাম্পাসটাকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে প্রায়ই পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ রোপণ এবং বৃক্ষ বিতরণ করেন। সবুজ ক্যাম্পাস গড়তে উপস্থিত সবাইকে উদ্বুদ্ধ করেন তিনি।
গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক এবং বাপা'র সাধারণ সম্পাদক জনাব মোঃ আলমগীর কবির বলেন ,আমরা সারাদেশে পরিবেশ বান্ধব কার্যক্রম করছি। সবুজ ও সুন্দর বাংলাদেশ বির্নিমানই আমাদের লক্ষ্য। ২০০৫ সাল থেকে পরিবেশ নিয়ে গ্রীন ভয়েস কাজ করে আসছে।
গ্রীন ভয়েস, রাবি'র ছাত্র উপদেষ্টা মোঃ আহসান হাবিব বলেন, ক্লিন ক্যাম্পাস, গ্রীন ক্যাম্পাস বির্নিমানই গ্রীন ভয়েস, রাবি'র অন্যতম উদ্দেশ্য। এজন্য বৃক্ষ রোপণ, বৃক্ষ বিতরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম করে আসছি। এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্বুদ্ধ ও এগিয়ে নিতে কার্যক্রম করি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আকতার বানু, অধ্যাপক ড. ফৌজিয়া এদিব ফ্লোরা, টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবীব এবং বাপা জাতীয় কমিটির সদস্য জামাত খান।
রিপোর্টার্স২৪/মিতু