রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোরে প্রায় ২০০ ফুট গভীর গর্তে পড়ে দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে দীর্ঘ সময় ধরে অভিযান চললেও এখনও তার খোঁজ মিলেনি। ফায়ার সার্ভিস জানায়, গর্তটি মাত্র ৬–৮ ইঞ্চি ব্যাসের হওয়ায় উদ্ধারকাজ অত্যন্ত জটিল হয়ে পড়েছে। অক্সিজেন পৌঁছানোর চেষ্টা করা হলেও তাকে জীবিত পাওয়ার সম্ভাবনা “অত্যন্ত ক্ষীণ” বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি লে. কর্নেল তাজুল ইসলাম।
তিনি বলেন, বিশ্বে এমন প্রযুক্তি নেই যা এত গভীর, সরু গর্তে তাৎক্ষণিকভাবে পৌঁছাতে পারে। স্পর্শকাতর অভিযান হওয়ায় ধীরে উদ্ধার চলছে। ৩৫ ফুট পর্যন্ত ক্যামেরায় কিছু দেখা যায়নি; এখন ৪৫ ফুট পর্যন্ত অনুসন্ধান করা সম্ভব হয়েছে।
অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি—দ্রুত উদ্যোগ নিলে শিশুটিকে জীবিত পাওয়া যেতো। পাশাপাশি গর্ত অব্যবস্থাপনার জন্য তদন্ত ও অভিযুক্তদের বিচার দাবি করেছেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান জানান, আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকায় আরও বিপদজনক গর্ত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
শিশু সাজিদ বুধবার বেলা দেড়টার দিকে বাড়ির পাশে হাঁটার সময় খড় দিয়ে ঢাকা গর্তে পড়ে যায়। গর্তটি স্থানীয় কছির উদ্দিন তার জমিতে পানি পরীক্ষার জন্য খনন করেছিলেন; পরে ভরাট করলেও বর্ষায় মাটি বসে নতুন গর্ত সৃষ্টি হয়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি