রিপোর্টার্স২৪ ডেস্ক: গ্রিসে অবৈধভাবে নৌপথে প্রবেশের চেষ্টায় চরম মানবিক বিপর্যয়ের শিকার হয়েছেন প্রায় ৪০ জন বাংলাদেশি। তীব্র শীত, অনাহার ও ক্লান্তির মাঝেও পানি ভেবে পেট্রোল পান করায় তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার আব্দুস মিয়ার ছেলে শাকিব আহমেদ শুভ এবং একই জেলার জিতু উল্লাহর ছেলে সায়েম আহমেদ।
দূতাবাস জানায়, গত ২৬ নভেম্বর লিবিয়া থেকে ছোট নৌকায় যাত্রা করেছিলেন তারা। মাঝসমুদ্রে প্লাস্টিকের নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করলে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। পথে কোনো খাবার-দাবার না থাকায় দু’দিন অনাহারে তৃষ্ণার্ত অবস্থায় বোতলে থাকা পেট্রোলকে পানি ভেবে পান করেন অনেকেই। এতে বেশ কয়েকজন অচেতন হয়ে পড়েন। পরে গ্রিসের কোস্টগার্ড ও স্থানীয় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এথেন্সের এক্সার্খিয়া এলাকার একটি হাসপাতাল বিষয়টি দূতাবাসকে জানালে প্রথম সচিব রাবেয়া বেগম সেখানে গিয়ে চিকিৎসাধীনদের খোঁজখবর নেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পেট্রোল পান করায় অনেকের পাকস্থলী ও শ্বাসযন্ত্রে গুরুতর জটিলতা দেখা দিয়েছে। শারীরিক দুর্বলতা, পানিশূন্যতা ও হাইপোথার্মিয়ার কারণে চিকিৎসা আরো জটিল হয়ে ওঠে। পেট্রোল পান করার কারণেই দুইজনের মৃত্যু হয়েছে। চারজনের অবস্থা ছিল সংকটাপন্ন। এর মধ্যে একজনের কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ায় তার ডায়ালাইসিস চলছে। বাকিদের অবস্থার উন্নতি হওয়ায় দুই দিন চিকিৎসার পর তাদের হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের মালাকাসা ক্যাম্পে পাঠানো হবে।
আটক ব্যক্তিরা জানান, মানবপাচারকারী দালালদের মাধ্যমে নৌকায় গ্রিসে যাওয়ার সময় তারা পর্যাপ্ত খাবার বা পানি পাননি। ভয়াবহ অমানবিক অবস্থায় ভ্রমণ করতে গিয়ে তারা জীবনঘাতী ঝুঁকিতে পড়েন।
প্রথম সচিব রাবেয়া বেগম বলেন, মানবপাচারকারীদের হাত থেকে দূরে থাকার জন্য সবাইকে কড়া সতর্কতা দেওয়া হয়েছে। কোনোভাবেই সমুদ্রপথে অবৈধভাবে গ্রিসে যেতে চেষ্টা না করার আহ্বান জানান তিনি। হাসপাতালে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাস সার্বিক সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি।
দূতাবাস জানিয়েছে, নিহত দুই যুবকের মরদেহ দেশে পাঠাতে আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনার পর গ্রিসে থাকা প্রবাসীদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মানবিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস, গ্রিক পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।
রিপোর্টার্স২৪/ঝুম