রিপোর্টার্স২৪ ডেস্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা কয়েক দিন ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার পর তাপমাত্রা আবারও নেমে এসেছে এক অঙ্কে। শুক্রবারও সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে অবস্থান করছে। জেলা জুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, বেড়েছে শীতের তীব্রতা।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮–১০ কিলোমিটার। সকালে কুয়াশা না থাকলেও সূর্যের উষ্ণতা অনুভূত হয়নি, ফলে শীতের দাপট পুরোপুরি বজায় ছিল।
এর আগের দিন বৃহস্পতিবার একই সময়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
দিন রাতের তাপমাত্রায় বড় পার্থক্য, উত্তরের ঠান্ডা বাতাস এবং আর্দ্রতার তারতম্যের কারণে শীতের অনুভূতি কয়েকগুণ বেড়ে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। ভোরে মাঠে-ঘাটে বা কর্মস্থলে বের হতে গিয়ে ঠান্ডার দাপটে কাঁপতে হচ্ছে অনেককে। অনেকে রাস্তাঘাট, বাড়ির সামনে কিংবা চায়ের দোকানের পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “টানা কয়েক দিন ১০ ডিগ্রি ঘরেই তাপমাত্রা থাকলেও বৃহস্পতিবার থেকে আবার কমতে শুরু করেছে। এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে।”
রিপোর্টার্স২৪/ঝুম