রিপোর্টার্স২৪ ডেস্ক: দুই বছরের শিশু সাজিদের মৃত্যুতে যেন স্তব্ধ হয়ে গেছে পুরো গ্রাম। গভীর নলকূপে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারানো এই শিশুর জানাজায় মানুষের ঢল নামে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নেককিড়ি কবরস্থান-সংলগ্ন মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।
সাজিদের মৃত্যুসংবাদ বৃহস্পতিবার রাত থেকেই ছড়িয়ে পড়ে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে। রাত সাড়ে ১১টার দিকে যখন তার নিথর দেহবাহী গাড়ি গ্রামে পৌঁছে, তখন কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা। মসজিদের মাইকে ঘোষণার পর শুক্রবার সকালেই থেমে যায় গ্রামের স্বাভাবিক জীবন। দোকানপাট খোলেনি, মাঠে যায়নি কেউ সবাই ছুটে আসে সাজিদের বাড়িতে একবার তার নিষ্পাপ মুখটি দেখার জন্য।
জানাজাস্থলে সকাল থেকেই ভিড় জমতে শুরু করে। ছোট-বড় সবার চোখেই অশ্রু। সাজিদের সাদা কাপড়ে মোড়ানো দেহ আনার পর কান্নার রোল পড়ে চারদিকে। বারবার ছুটে যেতে চাইছিলেন তার মা স্বজনদের ধরে রাখা সত্ত্বেও তার আহাজারিতে ভেঙে পড়ছিল চারপাশ।
জানাজার ইমামতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। নামাজ শেষে হাজারো মানুষ হাত তুলে সাজিদের মাগফিরাতের দোয়া করেন। দোয়া করা হয় শোকাহত পরিবারটির জন্যও আল্লাহ যেন তাদের ধৈর্য ধরার তৌফিক দান করেন।
দাফনের সময় গ্রামজুড়ে নেমে আসে নীরবতা। কবরের দিকে যখন সাজিদের ছোট্ট কফিন এগিয়ে যায়, তখন বাতাসেও যেন থমথমে শোক। স্বজনদের বুকফাটা কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। গ্রামবাসী বলছেন, একটি শিশুর জানাজায় এত মানুষের সমাগম তারা আগে কখনও দেখেননি।
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় সাজিদ। ফায়ার সার্ভিসের কর্মীরা ৪০ ফুট মাটি খনন করে টানা ৩২ ঘণ্টার অভিযান চালিয়ে শিশুটি উদ্ধার করে। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রিপোর্টার্স২৪/ঝুম