রিপোর্টার্স২৪ ডেস্ক: ডিসেম্বরের প্রথম ১০ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠানো রেমিট্যান্সে নতুন গতি দেখিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে দেশে এসেছে ১২৯ কোটি মার্কিন ডলার, অর্থাৎ প্রতিদিন গড়ে ১২ কোটি ৯০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গত বছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১০৯ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।”
তিনি আরও জানান, “শুধু ১০ ডিসেম্বর একদিনেই দেশে এসেছে ১২ কোটি ৯০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ ১,৪৩২ কোটি ৯০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮.৪০ শতাংশ বেশি।”
এর আগে চলতি অর্থবছরের মধ্যে নভেম্বর মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল সর্বোচ্চ মোট ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। এছাড়া অক্টোবর ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। জুলাই ও আগস্টে এসেছে যথাক্রমে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার ও ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স প্রবাহ হয়েছে ৩০.৩২ বিলিয়ন ডলার (৩,৩২ কোটি ৮০ লাখ ডলার), যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।
রিপোর্টার্স২৪/আয়েশা